নিজস্ব প্রতিবেদক
যশোর-নড়াইল সড়কের দাইতলা এলাকার হামকুড়া ব্রিজের কাছে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পারভেজ (৩৫) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তার ভ্যান, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শনিবার (২৭ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা পারভেজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। আহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা পারভেজের বাম হাত এবং বাম পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বাবা ইউসুফ আলী জানান, প্রায় দুই দিন আগে কয়েকজন ব্যক্তি ভ্যান ভাড়া করার কথা বলে তার ছেলেকে যশোরে নিয়ে আসে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার রাতে খবর পান, দুর্বৃত্তরা তার ছেলেকে মারধর ও ছুরিকাঘাত করে ভ্যানটি ছিনিয়ে নিয়ে গেছে। তিনি বলেন, “ধারদেনা করে কেনা ওই ভ্যানই ছিল আমাদের পরিবারের একমাত্র আয়ের অবলম্বন। পারভেজ একটি মাদ্রাসায় চাকরি করলেও অভাবের কারণে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত।” এ ঘটনায় জড়িতদের পরিচয় বা হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
