উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর ইচানী পালপাড়া সংলগ্ন এলাকায় এক মৎস্য ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে কোনো এক সময় এই নৃশংস ঘটনাটি ঘটে। এতে ঘেরের মালিক মোঃ আমজাদ হোসেনের দীর্ঘদিনের স্বপ্ন ও পুজি এক রাতেই শেষ হয়ে গেছে। ভুক্তভোগী চাষি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন ওই এলাকায় সাড়ে ৪০০ শতক জমির ওপর একটি বড় ঘেরে পাবদা ও টেংরা মাছের চাষ করেছিলেন। মাছগুলো বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। প্রতিদিনের মতো সোমবার রাতেও সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু মঙ্গলবার সকালে ঘেরে গিয়ে তিনি দেখতে পান, ঘেরের সমস্ত পাবদা ও টেংরা মাছ মরে ভেসে উঠেছে। ঘের মালিক ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মোঃ আমজাদ হোসেন কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি ধার-দেনা করে সাড়ে ৪০০ শতক জমিতে এই পাবদা ও টেংরা মাছের চাষ করেছিলাম। আর মাত্র কয়েকদিন পরেই মাছগুলো বাজারে বিক্রি করার কথা ছিল। কিন্তু সোমবার দিবাগত রাতে কে বা কারা শত্রুতা করে আমার মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলেছে। সকালে এসে দেখি সব মাছ মরে ভেসে আছে। আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল, আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই। এদিকে একটি ঘেরের বিপুল পরিমাণ মাছ এভাবে বিষ দিয়ে মেরে ফেলার ঘটনায় স্থানীয় অন্যান্য মৎস্য চাষি ও গ্রামবাসীদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে গভীর রাতে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটানো হয়েছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
