নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক দুই ঘটনায় এক যুবক ও এক গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের সাজিয়ালি গ্রামে পূর্ব শত্রুতার জেরে বাপ্পি গাজী (২২) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। তিনি মৃত লালটু গাজীর ছেলে। এ ঘটনায় একই গ্রামের ঝন্টু গাজী (৪৫) ও তার ছেলে রাব্বি গাজীকে (১৮) অভিযুক্ত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা বাপ্পিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে,একই দিন রাত ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার ফুলতলা গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্মৃতি (২২) নামে এক গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তিনি ফুলতলা গ্রামের আশিকুরের স্ত্রী। অভিযোগ অনুযায়ী, আতিয়ার (৪০) ও তার স্ত্রী রাবিয়া (৩০) স্মৃতির বাম হাতে দা দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, আহত দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দুটি ঘটনায় আহতদের স্বজনরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
