নিজস্ব প্রতিবেদক
যশোর ও অভয়নগরে পৃথক হামলার ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ক্ষিতিবদিয়া বাঁশতলা মোড়ে। আহত বাচ্চু বিশ্বাস (২৮) অভিযোগ করেন, এলাকায় মাদক বেচাকেনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে রাসেল, রায়হান, আল আমিন ও মফিজুলসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে চাইনিজ কুড়াল দিয়ে কাঁধ ও গলার ওপর কোপ দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে একই রাতে রাত ১০টার দিকে অভয়নগর থানার নওয়াপাড়া পৌরসভার ভাঙাগেট সিডল মিলের সামনে মনিরুল ইসলাম মনা (৫০) নামে অপর এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে ফরহাদ হোসেন, মনির হোসেন, পরান গাজী, মিকাইল ও সাগরসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার করেন।
