জি এম ফারুক আলম, মণিরামপুর
যশোরের মণিরামপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে শায়েস্তা করতে জমি বিক্রি করে টাকা না দেওয়ায় বাবাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে ছেলে। মাস তিনেক আগে উপজেলার লেবুগাতি গ্রামের সুকুমার বাইনের ছেলে অশোক বাইনের স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে যায়। স্ত্রীর পরকীয়া প্রেমিককে শায়েস্তা করতে মরিয়া স্বামী অশোক বাইন জমি বিক্রি করে টাকা দিতে বাবা সুকুমার বাইনকে সেই থেকে চাপ দিয়ে আসছিল। কিন্তু জমি বিক্রি করে টাকা দিতে নারাজ বাবা। প্রতিশোধের নেশায় মত্ত ছেলে টাকা না পেয়ে বাবাকে সোমবার সকালে মারধর করে হাসপাতালে পাঠায়। বাবা সুকুমার বাইন কান্নাজড়িত কন্ঠে জানান, তার দুই ছেলের মধ্যে ছোট অশোক বাইনের স্ত্রী দুই সন্তানের জননী গত ছয় মাস আগে পাশের বাড়ির এক ছেলের সাথে প্রেম করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। তিনি খোঁজা খুজির পর ছেলে অশোক বাইনের দুই সন্তানের ভবিষ্যত চিন্তা করে বৌমাকে বুঝিয়ে-শুনিয়ে বাড়িতে নিয়ে আসেন। তিন মাস পর তার বৌমা ফের চলে প্রেমিকের হাত ধরে চলে যায়। এতে চরম ক্ষিপ্ত হয় ছেলে। সংসার ভাঙ্গায় ছেলের মাথায় প্রতিশোধের নেশা চেপে বসে। টাকা জোগাড় করে স্ত্রীর পরকীয়া প্রেমিককে মারতে চাই। এজন্য জমি বিক্রি করে টাকা দিতে চাপ দেয় ছেলে অশোক বাইন। সেই টাকা না দেওয়ায় তাকে মারধর করেছে বলে তিনি দাবী করেন। তিনি ছেলের নামে মামলার প্রস্তুতিও নিচ্ছিলেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য প্রনব কুমার বিশ্বাস জানান, দুই সন্তান রেখে বউ চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছে ছেলে অশোক বাইন। তাকে গ্রামের অনেকেই বোঝালেও অশোক কোনভাবেই বুঝতে চাচ্ছে না। তবে, গ্রামের লোকজন অশোক বাইনকে ভাল ছেলে হিসেবেই জানে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি।
