কুষ্টিয়ায় সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্বশত্রুতা ও একটি টর্চলাইটকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে মামুন মোল্লা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।আটকৃতরা হলেন- উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লা (৩৫)। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর উপজেলার মরিচা ইউনিয়নের সুকারঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মোল্লার মৃত্যু হয়। নিহত মামুন মোল্লা ওই এলাকার মুজাম্মেল মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে চাচা ইসমাইল মোল্লার বাড়িতে গরু চুরি করতে গিয়ে একটি টর্চলাইট ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নিহত মামুন মোল্লার পক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। এতে মামুন মোল্লাসহ তিনজন গুরুত্ব আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে রাতে তিনি মারা যান। এ ঘটনার পর নিহতের চাচাতো ভাই উজ্জ্বল মোল্লা ও জাব্বার মোল্লাকে আটক করেছে পুলিশ। তারা নিহত মামুন মোল্লার চাচা মৃত ইসমাইল মোল্লার ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়