ফকিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ফকিরহাট সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মৃদুল সরকার (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মৃদুল সরকার উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের মিল্টন সরকারের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ৯ জুলাই সকাল ১০টার দিকে মৃদুল বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট বাজারে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মোল্লাহাটগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়