২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

নাইজারে মার্কিন সেনা উপস্থিতি অবৈধ ঘোষণা

প্রতিদিনের ডেস্ক
আফ্রিকার দেশ নাইজারের সামরিক সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে। পাশাপাশি নাইজারে আমেরিকার সেনা উপস্থিতিকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। নাইজার সরকার ২০১২ সালের সামরিক সহযোগিতা চুক্তি গত শনিবার বাতিলের এই ঘোষণা দেয়। খবর: আল-জাজিরার। সরকারি মুখপাত্র আমাদু আব্দ রামানে এক বিবৃতিতে বলেন, দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং স্বার্থের কথা বিবেচনা করে নাইজার সরকার দায়িত্বশীলতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে যে, আমেরিকার সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন এবং এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। এই চুক্তি বাতিলের ফলে নাইজারের ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতি অবৈধ বলে গণ্য হবে। চলতি সপ্তাহে আফ্রিকা বিষয়ক মার্কিন সহকারী আন্ডার সেক্রেটারির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধিদল নাইজার সফর করে। এরপর নাইজার সরকার দুই দেশের মধ্যকার সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দিল। নাইজার সরকারের মুখপাত্র তার বিবৃতিতে আরো বলেছেন, আমেরিকার এই প্রতিনিধি দলের সার্বভৌমত্ব লঙ্ঘনের পরিকল্পনা এবং দুদেশের মধ্যকার চুক্তির পরও সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে কোনো ফল না পাওয়ায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হলো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়