২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বরখাস্তই থাকছেন রংপুর সিটির কাউন্সিলর শিপলু

প্রতিদিনের ডেস্ক:
রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।এ সংক্রান্ত এক আবেদন নিষ্পত্তি করে বুধবার (২৯ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমসহ চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।আদালতে এদিন আবেদনকারী আনোয়ারুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. লাতিফুর রহমান। অন্যদিকে জাকারিয়া আলম শিপলুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আলী আজম।আইনজীবী মো. লাতিফুর রহমান আদেশের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে তিনি বরখাস্তই থাকছেন।রিট আবেদন থেকে জানা যায়, জাল দলিল তৈরি করে সড়ক ও জনপথ বিভাগের জমি বিক্রির অভিযোগের মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় গত বছরের ১৬ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে সাময়িক বরখাস্ত করে। বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন জাকারিয়া আলম শিপলু। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ২১ জুন সাময়িক বরখাস্তের আদেশটি তিন মাসের জন্য স্থগিত করেন আদালত।
পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে পক্ষভুক্ত করে আপিল বিভাগে আবেদন করেন আনোয়ারুল ইসলাম নামের একজন ভুক্তভোগী। এরপর তার আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১৭ জুলাই চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। সবশেষ আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখে আবেদনটি নিষ্পত্তি করেন।২০২৩ সালের ১৬ মে রংপুরের কাউন্সিলর ও তাজহাট মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলুকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। সে সময় স্থানীয় সরকার বিভাগের প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর বিরুদ্ধে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বছর সশ্রম কারাদণ্ড ছাড়াও অর্থদণ্ড প্রদান করে রায় দিয়েছেন। এ কারণে স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বরখাস্ত করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়