প্রতিদিনের ডেস্ক॥
বলিউডের আইটেম কিনফবা পার্টি গানের সবচেয়ে আলোচিত মুখ নোরা ফাতেহি। এমনকি নাচের রিয়েলিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু মুম্বই শহরে এসে ক্যারিয়ার গড়ার পথ খুব সহজ ছিল না তার। কানাডা থেকে মুম্বই এসে নিজের অবস্থান তৈরি করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল নোরাকে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পকেটে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ভারতে এসেছিলেন। ভারতে এসে একটি তিন রুমের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। তিনি বলেন, তিন রুমের সেই ফ্ল্যাটে নয়জন মানসিকভাবে অসুস্থ মানুষের সঙ্গে থাকতাম আমি। আমার ঘরে আরও দু’টি মেয়ে থাকতো। সেই সময় ভাবতাম, এ আমি কোথায় এসে পড়লাম! এখনো ভাবলে ভয় লাগে। খাওয়া-দাওয়ার সঙ্গেও সেই সময় আপস করতে হয়েছিল নোরাকে।
খাবার বলতে ছিল শুধু ডিম আর পাউরুটি। যা রোজগার হতো, তার অধিকাংশই দিয়ে দিতে হতো তার ‘ট্যালেন্ট এজেন্সি’কে। নোরা বলেন, খুব কঠিন সময় ছিল সেটা। এই লড়াইও খুব কষ্টের ছিল। তবে সমপ্রতি এক সাক্ষাৎকারে নোরা জানান, নিজের লড়াই নিয়ে তিনি একটি তথ্যচিত্র তৈরি করতে চান। তিনি বলেন, কীভাবে নোরা নামে এক সাধারণ মেয়ে বলিউডে এলো এবং হিন্দি ভাষা শিখলো সমস্ত বাধা অতিক্রম করে, তা নিয়ে তথ্যচিত্র বানাতে চাই। তাকে লোকে বলেছিল, সে কিছুই করতে পারবে না। কিন্তু, সকলকে মিথ্যে প্রমাণ করে আজ সে বিশ্বের পরিচিত তারকা। এটাই আমার গল্প। সত্যিই তথ্যচিত্র বানানোর মতো কাহিনী।
