১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারতে আইফোনের প্রো মডেল উৎপাদন করবে অ্যাপল

প্রতিদিনের ডেস্ক॥
উৎপাদন পরিসর বাড়াতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। ভারতে প্রথমবারের মতো আইফোনের ‘প্রো’ মডেলের সেলফোন উৎপাদন করা হবে বলে ব্যবসাবিষয়ক ওয়েবসাইট মানিকনট্রোলের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর টেকটাইমস।২০১৭ সালে আইফোন এসই মডেলের ফোন দিয়ে ভারতে উৎপাদন শুরু করে অ্যাপল। ভারতের কারখানায় প্রো মডেলের ফোন এর আগে উৎপাদন করা হয়নি। এর পর থেকে উৎপাদন কার্যক্রম বাড়িয়েছে কোম্পানিটি। সে তালিকায় আইফোন ১৩, ১৪-এর মতো ফোনও রয়েছে। তবে বিশ্বব্যাপী বাজারে ছাড়ার বেশ কয়েক মাস পর এ ফোনগুলোর উৎপাদন শুরু হয় ভারতে। আইফোন ১৫ ও ১৫ প্লাস মডেলের ফোনের মধ্য দিয়ে এ প্রবণতায় পরিবর্তন আনা হয়। বিশ্বব্যাপী বাজারে ছাড়ার প্রথম দিন থেকেই ভারতে উৎপাদিত ফোনগুলো পেতে শুরু করেন সাধারণ গ্রাহক।
পর্যায়ক্রমে চলতি বছরের শেষের দিকে আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স উৎপাদনের পরিকল্পনা করছে অ্যাপল। আইফোন ১৬ প্রো মডেলের উৎপাদন তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুর কারখানায় পরিচালনা করবে অ্যাপলের দীর্ঘদিনের অংশীদার ফক্সকন। ‘নিউ প্রডাক্ট ইনট্রোডাকশন’ প্রক্রিয়ায় বাকি কাজ শুরু করা হবে এবং বিশ্বব্যাপী বাজারে ছাড়ার দিন থেকেই উৎপাদন শুরু হবে।
এদিকে ম্যাকরিউমরের প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে সরবরাহ চেইনে বৈচিত্র্য আনার পাশাপাশি উৎপাদন সক্ষমতা বাড়াতে ভারতে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে মোট উৎপাদনের ১৪ শতাংশ হচ্ছে ভারতে। আগামী কয়েক বছরে উৎপাদন ২৫ শতাংশে নিতে চাইছে অ্যাপল। এক্ষেত্রে প্রণোদনা দেয়ার প্রস্তাবসহ এ ধরনের বড় বিনিয়োগকে সক্রিয়ভাবে উৎসাহিত করছে ভারত সরকার।
অ্যাপল ভারতে প্রথমবারের মতো আইপ্যাড উৎপাদনের কথা ভাবছে বলে গত সপ্তাহে জানা গেছে। পাশাপাশি গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিক থেকে এয়ারপডসও উৎপাদন করা হবে ভারতে।
গত বছরের শুরুর দিকের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যাপল ভারতে তাদের আইফোন উৎপাদনক্ষমতা আরো ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। ২০২৩ সালে বিশ্বব্যাপী আইফোনের ১২-১৪ শতাংশ সরবরাহ ভারতে তৈরি হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়