৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নড়াইলে হাতকড়া পরা অবস্থায় সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় বিল্লাল শেখ (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের পিকাপ ভ্যান গাড়ী থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে গোবরা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। আসামী বিল্লাল শেখ গোবরা গ্রামের নওফেল শেখের ছেলে। সে সাজাপ্রাপ্তসহ চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর থানা পুলিশ গোবরা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল শেখকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে দেয়। পরে আসামিকে পুলিশ পিকাপ ভ্যানে করে থানায় নেয়ার পথে শতাধিক লোকজন মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জানান, আসামী বিল্লাল শেখকে আটকের অভিযান চলছে। এ ঘটনার সাথে জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়