প্রতিদিনের ডেস্ক॥
ক’দিন ধরে শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। যদিও এখনো সেই জল্পনা নিয়ে নীরব এ দম্পতি। সবকিছু ছাপিয়ে ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। রূপটানশিল্পী অ্যাড্রিয়ান জেকবের পোস্ট করা ছবি তেমনই ইঙ্গিত দিয়েছে। অভিনেত্রীর সঙ্গে শুটিং সেট থেকেই একটি ছবি পোস্ট করেন জেকব। সঙ্গে ক্যাপশনে লেখেন, কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভালো দিন কাটলো। তবে কাজের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এই ছবি দেখে নেটপাড়ায় অভিনেত্রীর অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাকে। এদিকে আম্বানীপুত্র অনন্তের বিয়ের আসর থেকে শুরু হয় ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহ বিচ্ছেদের জল্পনা। তবে এই জল্পনার মধ্যে এ-ও শোনা যায়, দম্পতি নাকি ফের পর্দায় জুটি বাঁধছেন। মণি রত্নমের ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে তাদের। এই গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে। ২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নমের ছবি ‘গুরু’তে জুটি বেঁধেছিলেন তারা। দু’জনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এরপরে ফের পরিচালকের ছবি ‘রাবণ’-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন-দম্পতি। ২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পরে ফের বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনো এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ঐশ্বরিয়া বা অভিষেক কেউই।

