প্রতিদিনের ডেস্ক॥
ফিলিস্তিনি কট্টরপন্থি গোষ্ঠী ইসলামিক জিহাদ ইসরায়েলকে লক্ষ্য করে এক পশলা রকেট ছুড়েছে। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বড় একটি অংশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার (১ জুলাই) এ হামলা চালানো হয়। ইসলামিক জিহাদ বলেছে, “আমাদের ফিলিস্তিনি লোকজনের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের অপরাধের প্রতিক্রিয়ায় এসব রকেট ছোড়া হয়েছে।” ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এই মিত্র জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার সীমান্ত বেড়া সংলগ্ন বেশ কয়েকটি ইসরায়েলি এলাকা লক্ষ্য করে রকেট ছুড়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, পরপর প্রায় ২০টি রকেট ছোড়া হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এই হামলা দেখিয়ে দিয়েছে তুলনামূলক ক্ষুদ্র একটি ভূখণ্ড গাজায় নয় মাস ধরে অবিরাম হামলা চললেও ফিলিস্তিনি গোষ্ঠীগুলো একনও রকেট ক্ষমতার অধিকারীই রয়ে গেছে; অথচ ইসরায়েলের বিরুদ্ধে হুমকি প্রতিরোধ করাই তাদের গাজা অভিযানের লক্ষ্য বলে দাবি দেশটির।

