প্রতিদিনের ডেস্ক॥
ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ ইয়াশ রোহান ও কেয়া পায়েল। খুব বেশি নাটকে তারা জুটি হয়ে কাজ করেছেন এমন নয়। তবে সম্প্রতি ইয়াশ-পায়েল জুটি হয়ে অভিনয় করেছেন ‘মনে রেখো আমায়’ নামের একটি একক নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। জি-সিরিজের ব্যানারে উন্মুক্ত হওয়া এ নাটকটি অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয় ছুঁয়েছে। নববিবাহিত স্ত্রী পায়েলকে রেখে সমুদ্র পথে ইয়াশের বিদেশ যাত্রা, পরবর্তীতে পায়েলের প্রতি সমাজের চোখ রাঙানি-কটু কথা ও দেবরের সঙ্গে বিয়ে এবং শেষে ইয়াশের ফিরে
আসা ও করুণ সমাপ্তি- সবই মনে ধরেছে দর্শকদের। নাটকের ইউটিউব কমেন্ট বক্সে চোখ রাখলে দেখা যাচ্ছে নাটকটির ভূয়সী প্রশংসা। কেয়া পায়েল বলেন, নাটকটিতে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এ ধরনের গল্পে সচরাচর নাটক কম তৈরি হয়। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং ছিল।
তাছাড়া নির্মাণশৈলী চমৎকার ছিল। যার ফলে এর গল্প দর্শকদের পছন্দ হয়েছে, অনেক প্রশংসা পাচ্ছি সবার। ইয়াশ বলেন, নাটকটির মূল শক্তি এর গল্প। খুব সুন্দরভাবে তা ফুটিয়ে তুলেছেন পরিচালক। খুব ইতিবাচক সাড়া মিলছে এখান থেকে। নির্মাতা পথিক সাধন বলেন, নাটকটি মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। আমি দর্শকদের জন্য নির্মাণ করি। নাটকটি দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। ‘মনে রেখো আমায়’- নাটকটিতে আরও অভিনয় করেছেন আজহারুল হক আদিল, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, জুলফিকার চঞ্চল প্রমুখ।
