৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ডিএনএ টেস্টের আগেই আনার কন্যা ডরিনকে হত্যার হুমকি

সোহাগ আলী, কালীগঞ্জ
হত্যাকাণ্ডের শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডরিন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডরিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে টেক্সট মেসেজের মাধ্যমে এই হত্যার হুমকি দেয়া হয়েছে। সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রর ছবিও দেয়া হয়েছে। তিনি লেখেন, আজ ইমোতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে, সেই সঙ্গে আমাকেও। ওই মেসেজে লেখা ছিলো, কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশ কিমা কিমা করতে চাস। তুইও ভালো হয়ে যা, আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হইলে দুইজনের লাশ কিমা কিমা করে ফেলামু, বাদ যাবে না কিন্তু। ডরিন বলেন, এমন বার্তা দিয়ে তারা কী বোঝাতে চাচ্ছে। আমার বাবা হত্যার বিচার ও জড়িতদের ফাঁসি চাই। কোনো আসামি যেন বাংলার মাটি থেকে জামিন বা বের না হতে পারে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। আনার কন্যা আরো বলেন, জেলা-উপজেলাসহ যেখানে গোটা বিশ্বের মানুষ এই হত্যার ঘটনা শুনেছে। আসামিরা জেলহাজতে রয়েছে। দুই দেশে তদন্ত চলছে। আমিসহ আমার পরিবার ডিএনএ টেস্ট করতে কলকাতা যাব। এমন সময় হুমকি দিয়ে তারা আমাদের কী বোঝাতে চায় তারা। আমাদের হারানোর কিছু নেই। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, হুমকির ঘটনা ভুক্তভোগীদের মুখে শুনেছি। এ ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। খুব দ্রুতই হুমকিদাতাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়