প্রতিদিনের ডেস্ক॥
জেনারেটিভ এআইকে প্রশিক্ষণ দেয়ার জন্য ব্রাজিলের ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য ঠিক কীভাবে ব্যবহারের অনুমতি দেবেন তা জানতে চাইবে মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেড। খরব রয়টার্স।
মেটা জানায়, মঙ্গলবার থেকে ব্রাজিলের ব্যবহারকারীরা এ-সংক্রান্ত ই-মেইল বার্তা এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে নোটিফিকেশন পাবেন। তারা চাইলে জেনারেটিভ এআইকে প্রশিক্ষণ দেয়ার জন্য তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি নাও দিতে পারেন, সে অপশন থাকছে।
ব্রাজিলের জাতীয় তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ (এএনপিডি) চলতি বছরের জুলাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের জন্য ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়ে মেটার নতুন গোপনীয়তা নীতি স্থগিত করে। মেটা ব্যবহারকারীদের অবগত করার বিষয় জানালে শুক্রবার এএনপিডি স্থগিতাদেশ প্রত্যাহার করে।
জুলাইয়ে ব্রাজিলে জেনারেটিভ এআই টুলের ব্যবহার সক্রিয়ভাবে বন্ধ করে মেটা। টুলগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপের স্টিকার তৈরির টুলও রয়েছে। বিশ্বে হোয়াটসঅ্যাপের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহারকারী ব্রাজিলের। সে সময় মেটা বলেছিল, জেনারেটিভ এআই ব্যবহার নিয়ে কর্তৃপক্ষের সন্দেহ দূর করতে এএনপিডির সঙ্গে আলোচনায় থাকাকালীন তারা টুলগুলোর ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
এএনপিডি স্থগিতাদেশ প্রত্যাহারের পর মেটা টুলের ব্যবহার পুনরায় চালু করবে কিনা মঙ্গলবার রয়টার্স জানতে চায়। তখন প্লাটফর্মটি শুধু এএনপিডির সঙ্গে আলোচনায় থাকাকালীন টুলের ব্যবহার বন্ধের বিষয় জানায়।

