প্রতিদিনের ডেস্ক
আবারো আলোচনায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অনুরাগীদের মাঝে আবারো নতুন করে সাড়া ফেলেছেন। সম্প্রতি একটি মেকওভার ভিডিও প্রকাশ করে সামাজিক মাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছেন ফারিয়া। মাত্র এক মিনিটের ভিডিওটি প্রকাশের পরই ভাইরাল হয়। সেই ভিডিওতে দু’টি ভিন্ন লুকে ধরা দিয়েছেন ফারিয়া। প্রথম লুকে তাকে দেখা গেছে আকর্ষণীয় একটি লাল শাড়িতে। সাজেও ছিল রাজকীয় ছোঁয়া- ভারী গয়না, কপালে টিকলি, কানে ঝুমকা ধরনের দুল, গলায় প্রশস্ত নেকলেস, নাকে ছোট নোজ রিং আর হাতে মানানসই চুড়ি-বালা- সব মিলিয়ে লাল শাড়ির সঙ্গে তার সাজ ছিল চোখ ধাঁধানো। দ্বিতীয় লুকে একেবারেই ভিন্ন ঢঙে হাজির হয়েছেন ফারিয়া। এখানে তার পরনে ছিল সাদা পোশাক, সঙ্গে হালকা ধাঁচের গয়না। কানে ঝুলানো দুল, গলায় চিকন চোকার, হাতে ব্রেসলেট আর আংটি- সবমিলিয়ে এই সাজে ছিল এক ধরনের স্নিগ্ধতা। চুলে বেণি আর মুখে মৃদু হাসি যেন তার কোমলতা আরও ফুটিয়ে তুলেছে। ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ফারিয়ার সৌন্দর্যের প্রশংসায় ভাসাতে থাকেন তাকে। উল্লেখ্য, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে মাস তিনেক আগে একটি আইনি জটিলতায় জড়িয়ে কারাগারে ছিলেন ফারিয়া। তবে, দ্রুত জামিন পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এখন আগের মতোই নানা অনুষ্ঠান, সাক্ষাৎকার, ফটোশুট আর প্রমোশনাল কাজ নিয়ে ব্যস্ত ফারিয়া।
