প্রতিদিনের ডেস্ক
দীর্ঘদিন পর বার্সেলোনা আবারও তাদের ঘরের মাঠে খেলতে নেমে দাপুটে জয় তুলে নিয়েছে। সাম্প্রতিক সময়ে ম্যাচগুলোতেও দলের খেলার দারুণ ছন্দ চোখে পড়ছে। এমনটি বারবার জোর দিয়ে বলেছেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা। তবে ইউরোপজুড়ে সবাই বিষয়টিকে একইভাবে দেখছে না। বিশেষ করে জার্মানিতে বার্সাকে নিয়ে তীব্র সমালোচনা উঠেছে, যার পেছনে মূলত আছেন জার্মান ফুটবল জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখের সভাপতি উলি হোনেস। হোনেসের মন্তব্য ফুটবল মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বলেছেন, ‘বার্সেলোনার ঋণ ১.৩ বিলিয়ন ইউরোর বেশি। এত বড় ঋণের সঙ্গে অন্য কোনো দেশে তারা শীর্ষ লিগে খেলতেও পারত না। এটা হাস্যকর এবং গ্রহণযোগ্য নয়।’ একটি পডকাস্টে হোনেস আরও বলেন, এমন আর্থিক অস্থিরতা কোনোভাবেই আধুনিক ফুটবলের টেকসই কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি যোগ করেন, বার্সার বর্তমান আর্থিক অবস্থা একেবারেই অনিরাপদ, ‘বার্সা যেভাবে চলছে, তা কোনো সফল ক্লাব মডেলের সঙ্গে মেলে না। বিপরীতে, বায়ার্নের মতো ক্লাবে রয়েছে শক্তিশালী আর্থিক নিয়ন্ত্রণ, সঠিক ব্যবস্থাপনা এবং স্থিতিশীলতা।’ হোনেসের মতে, শুধুমাত্র জার্মানির বুন্দেসলিগাই নয়, এমন কঠোর অডিট ও লাইসেন্সিং নিয়ম যে কোনো লিগে থাকলে বার্সা প্রথম বিভাগে টিকে থাকতে পারত না। তিনি বলেন, ‘জার্মানির নিয়মের চাপের মধ্যে ১.৩ বিলিয়ন ইউরো ঋণের ক্লাবকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হতো।’ গত কয়েক বছরে বার্সেলোনা ধারাবাহিকভাবে আর্থিক ‘লেভারেজ’ ব্যবহার করে স্কোয়াড গঠন, চুক্তি নবায়ন এবং নতুন খেলোয়াড় সাইনিং করেছে। হোনেস মনে করেন, এই প্রক্রিয়াই মূল সমস্যাকে দীর্ঘায়িত করছে। তিনি সতর্ক করেন, ঝুঁকিপূর্ণ হিসাব-নিকাশের ওপর ক্লাব পরিচালনা করা যায় না। দীর্ঘমেয়াদে এটি ধ্বংসের পথ। যেখানে লাপোর্তা ক্লাবের আর্থিক পুনরুদ্ধারকে সামনে আনছেন, সেখানে হোনেসের মতো অভিজ্ঞ ইউরোপীয় প্রশাসকের কঠোর মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে—বার্সা কি সত্যিই আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছে? নাকি কাগজে-কলমে হিসাব চালিয়ে কোনোমতে টিকে আছে।

