প্রতিদিনের ডেস্ক
প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানপ্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান বলেছেন, ‘প্রতিবন্ধীদেরও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। আজকের শিশুরা আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক হবে। তাদের নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে।’ তিনি শুক্রবার সকালে বগুড়া শহরতলির ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে সিএসএফ গ্লোবাল আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণকালে এসব কথা বলেন। এ অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমান ও তারেক রহমান শিশু-কিশোর এবং তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ডা. জোবাইদা রহমান ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। শিশু-কিশোররা তাকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দেয়। অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমান বলেন, ‘আজকে দুই জন শিশু বক্তব্য রাখলো। তাদের মধ্যে একজন কবিতা লেখে। জানলাম সে আইটি সেক্টরেও কাজ করছে। আমি সত্যিই তাদের জ্ঞান এবং প্রতিভা দেখে মুগ্ধ। আশা করবো, তারা ভবিষ্যতে আরও উন্নতি করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। সুস্বাস্থ্য কীভাবে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে সে বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’ ডা. জোবাইদা রহমানের এ আন্তরিকতায় অভিভাবক ও উপস্থিত অতিথিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান ড. এম এ মুহিত, হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী মো. শোকরানা, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও অন্যরা।

