নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে ‘শিশু আইন ২০১৩’ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিচার বিভাগ যশোরের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইন ও বিচার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘স্ট্রেংদেনিং অলটারনেটিভ অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম ফর চিলড্রেন (এসএআরসি)’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন মাননীয় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত), যশোর জনাব এম. এম. মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এসএআরসি প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব এস. এম. এরশাদুল আলম। এ সময় তিনি যশোর জেলায় একটি পৃথক শিশু আদালতের শুভ উদ্বোধন করেন। ইউনিসেফের আর্থিক সহায়তা এবং এসএআরসি প্রকল্পের লজিস্টিক সাপোর্টে স্থাপিত এই আদালতটি একটি পূর্ণাঙ্গ শিশু আদালত হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার প্যানেলভুক্ত আইনজীবীদের ‘শিশু আইন ২০১৩’ বিষয়ে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, যাতে তারা শিশু আদালতসহ সংশ্লিষ্ট আদালতে শিশুদের যথাযথ আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেন। দুইদিনের প্রশিক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালনা করেন অভিজ্ঞ বিচারক ও প্রশাসনিক কর্মকর্তারা। ‘শিশু আইন ২০১৩’-এর সারসংক্ষেপ ও শিশু বিচার ব্যবস্থা বিষয়ে সেশন নেন অতিরিক্ত সচিব এস. এম. এরশাদুল আলম। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ও থানার ভূমিকা বিষয়ে আলোচনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যশোর জনাব জাহেদ আহমদ। এছাড়া বিকল্প বিচার পদ্ধতি, পারিবারিক সম্মেলন, প্রবেশনসহ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো. মাইনুল হক ও ড. আতোয়ার রহমান।

