প্রতিদিনের ডেস্ক:
আসন্ন বিশ্বকাপে নতুন এক নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ম্যাচে দুই দলের খেলোয়াড় পরস্পরের মধ্যে কথা বলার সময় মুখ ঢাকলেই রেফারি চাইলে দিতে পারবেন লাল কার্ড! কানাডার ভ্যাংকুভারে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (ইফাব) বিশেষ সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সেখানে অনুমোদিত আরেকটি আইন হচ্ছে, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ত্যাগ করলে তাঁকেও লাল কার্ড দেখানো যাবে। উভয় আইনকে ঐচ্ছিক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে, যা পরিস্থিতি বিবেচনায় রেফারিই সিদ্ধান্ত নেবেন। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় জিয়ানলুকা প্রেস্তিয়ানি তাঁর জার্সি দিয়ে মুখ ঢেকে বর্ণবাদী ও যৌন নিপীড়নমূলক মন্তব্য করেছিলেন। এ নিয়ে তুমুল আলোচনা হয়। নতুন আইনের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘যদি কোনো খেলোয়াড় তার মুখ ঢেকে কিছু বলে এবং সেটি যদি বর্ণবাদী হয়, তবে অবশ্যই তাকে মাঠ থেকে বের করে দিতে হবে।’ বিবিসি

