মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত হয়েছেন। আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বেতিখোলা মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বেতিখোলা গ্রামের জামাল সরদারের ছেলে হোসেন সরদার (২৮) ও ইকবাল সরদার (৩৮)। অভিযোগ উঠেছে, একই গ্রামের আনিচুর রহমান সরদার ও তার ছেলে হেলাল সরদারের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার রাতে বেতিখোলা মোড়ে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ জিআই পাইপ দিয়ে হামলা চালায়। এতে হোসেন ও ইকবালের মাথায় গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন,তারা চিকিৎসাধীন থাকলেও শঙ্কামুক্ত রয়েছেন। কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
