নিজস্ব প্রতিবেদক
যশোরে মোটরসাইকেলের ধাক্কায় নির্মল সরকার (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক ফয়জুল্লাহ (২৮)। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে যশোর নড়াইল সড়কের ঝুমঝুমপুর যশোর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নির্মল সরকার যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের ভজন সরকারের ছেলে। আহত ফয়জুল্লাহ মাগুরার সদর উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা। নিহতের নির্মল সরকারের ছেলে নিপ্পন সরকার জানান, আজ সকাল ৮ টার দিকে তার বাবা নির্মল সরকার রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাবা ও মোটরসাইকেলের চালক আহত হন। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে তার বাবা মারা যান। আমার বাবা ঝুমঝুমপুর কলোনী এলাকার জামাই বিষ্ণু রায়ের বাড়িতে থাকতেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, নির্মল সরকারের মাথায় প্রচন্ড আঘাত লাগায় তার অবস্থা সংকটাপন্ন ছিলো। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের মাধ্যমে স্বজনদের কাছে দেওয়া হয়েছে। বিষয়টি যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান নিশ্চিত করেছেন।
