যশোরে র‍্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর বড় ভেকুটিয়া গ্রামে অভিযান চালিয়ে দুটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে র‍্যাব-৬। এ সময় তক্ষক সংরক্ষণ ও পাচারের অভিযোগে সোহেল পারভেজ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত তক্ষক দুটি বন বিভাগের কাছে হস্তান্তর এবং আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। র‍্যাব-৬-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরতলীর বড় ভেকুটিয়া গ্রামে অভিযান চালান। অভিযানে সোহেল পারভেজের বাড়ি থেকে দুটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। আটক সোহেল পারভেজ বড় ভেকুটিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। র‍্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ কে এম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুটি তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তক্ষক দুটি নিরাপদ হেফাজতের জন্য যশোর বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, আটক সোহেল পারভেজকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়