মিঠূ দত্ত, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলায় কড়াই গাছ থেকে শাকিল আহমেদ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট লক্ষীপুর গ্রামের খন্দকারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাকিল কুষ্টিয়া জেলার দৌলতুর উপজেলার ফিলিপনগর গ্রামের মনিরুল ইসলাম পরামানিকের ছেলে। সে অভয়নগরে নওয়াপাড়া নদীবন্দর এলাকায় সরদার মিল ঘাটে শ্রমিক হিসেবে কাজ করতো। স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে অভয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামে খন্দকারপাড়ার শহিদুল ইসলামেী মেয়ে সিনথিয়ার সঙ্গে শাকিলের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাকিল শ্বশুরবাড়িতেই থাকতেন। সাফওয়ান নামে তাদের ঘরে চার বছর বয়সি একটি ছেলে রয়েছে। নিহতের স্ত্রী সিনথিয়া বেগম বলেন, ‘সোমবার রাত ১০ টার দিকে জরুরী কাজের কথা বলে এক হাজার ৫০০ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় শাকিল। রাতে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পেছনে একটি কড়াইগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শকিলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তার আত্মহত্যার কারণ সম্পর্কে আমরা কিছুই জানিনা। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। শ্বশুর শহিদুল ইসলাম বলেন, ‘বিয়ের পর থেকে প্রায় পাঁচ বছর ধরে ঘরজামাই হিসেবে আমার বাড়িতে থাকত শাকিল। পুলিশি তদন্তের পর সবকিছু পরিষ্কার হবে। এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ‘খ) মো. রাজিবুল ইসলাম বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
