নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পৌর পার্ক সংলগ্ন হকার্স মার্কেটের প্রথম গলিতে এক তরুণকে চাকু মেরে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত যুবকের নাম আবু হুরায়রা (১৯), পিতা আব্দুল কুদ্দুস, ঠিকানা- আশ্রম রোড, মহিলা মাদ্রাসার পাশে, থানা কোতোয়ালি, জেলা যশোর। প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজন সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ১৮:৩০ ঘটিকায় আবু হুরায়রা তার বন্ধুদের সাথে যশোর কালেক্টর ভবন প্রাঙ্গণে আড্ডা দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা ৪-৫ জন তরুণের সঙ্গে কথাকাটাকাটি হলে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে তারা পার্কের পাশের গলিতে অনুসরণ করে তাকে বাম পায়ের উরুতে চাকু মেরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয় এক রিকশাচালকের সহায়তায় তাকে তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রোগীর অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত। পরিবারের অভিযোগ, পৌর পার্ক ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরেই চলছে। আবু হুরায়রা তার এক বান্ধবীকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় ওই কিশোর গ্যাং সদস্যদের ইভটিজিংয়ের প্রতিবাদ করেছিলেন। এরই জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এবারের হামলার পর সংশ্লিষ্ট এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

