১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হতে হবে : আজাদ

মাসুম বিল্লাহ, কেশবপুর
গণতান্ত্রিকভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প নেই। অনেকে অনেক কথা বলছে নির্বাচন হবে না, দেরি হবে। কিন্তু নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। তবুও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।


তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে এক নম্বর অধিকার ছিল ভোটের অধিকার যেন ফিরে পায়। এখন সেই পরিবেশ নিশ্চিত হয়েছে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য,স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য। যদি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা না যায়, তাহলে অধিকারও প্রতিষ্ঠা হবে না। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গ্রহণযোগ্য, সুষ্ঠু, ভালো নির্বাচন হওয়া দরকার। মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত নারী সমাবেশে আরো বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা প্রমুখসহ অনেকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়