২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মুস্তাফিজ আইপিএল খেলতে পারবেন কিনা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রতিদিনের ডেস্ক:
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে চলছে বিতর্ক। আর এ বিষয়ে অবশেষে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মুস্তাফিজুরের আইপিএলে খেলা নিয়ে ভারতে বিভিন্ন উগপন্থি মহল প্রশ্ন তুলেছে। শুক্রবার প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে এ বিষয়ে বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশ থেকে খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আপত্তি বা আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আসেনি।বিসিসিআই জানিয়েছে, বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের ছাড়পত্র নেওয়া একটি নিয়মিত এবং বাধ্যতামূলক প্রক্রিয়া। এবারের নিলামে সাতজন বাংলাদেশি খেলোয়াড় নিবন্ধিত থাকলেও শেষ পর্যন্ত শুধুমাত্র মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই বিশাল অঙ্কের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে মুস্তাফিজুর এখন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়।
তবে এই চুক্তির পরপরই বিতর্কের সূত্রপাত হয়। ভারতের আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর সরাসরি কেকেআর এবং দলের মালিক শাহরুখ খানের সমালোচনা করেছেন। তার বক্তব্য অনুযায়ী, একজন বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়া ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেখানে অনেক নেতা মনে করেন ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক বা কূটনৈতিক জটিলতা থেকে দূরে রাখা উচিত। বিসিসিআই সূত্রমতে, বোর্ড বর্তমানে সরকারের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছে এবং যতক্ষণ না কোনো সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আসছে, ততক্ষণ নিলামে দল পাওয়া খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা নেই।মুস্তাফিজুর রহমান আইপিএলের অভিজ্ঞ ও নিয়মিত মুখ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেকের পর তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের মতো বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে খেলেছেন। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৬০টি আইপিএল ম্যাচে তিনি ৬৫টি উইকেট শিকার করেছেন, যেখানে তার ইকোনমি রেট ৮.১৩। গত মৌসুমে তিনি ইনজুরি আক্রান্ত জেক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসে ফিরেছিলেন।
সূত্র: এনডিটিভি

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়