প্রতিদিনের ডেস্ক:
ইরানে হামলা গোপন ছক এঁকেই চলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। জানা গেছে, ওয়াশিংটন সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই ইরান ইস্যুতে তেল আবিবকে একটি অত্যন্ত গোপনীয় বার্তা পাঠিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বার্তায় ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি এবং এর সম্ভাব্য সময়সীমা সম্পর্কে সুনির্দিষ্ট আভাস দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলকে জানানো হয়েছে, হামলার যাবতীয় প্রস্তুতি আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে যেকোনো উপযুক্ত সময়ে এই অভিযান পরিচালনার সুযোগ তৈরি হতে পারে।
তবে প্রস্তুতির পূর্ণাঙ্গ সমাপ্তির জন্য যুক্তরাষ্ট্র বসে থাকবে না বলেও সংকেত দেওয়া হয়েছে। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেন, তবে নির্ধারিত সময়ের আগেই এই হামলা শুরু করার সক্ষমতা মার্কিন বাহিনীর রয়েছে। যদিও বর্তমানে তাৎক্ষণিক হামলার বিষয়টি সরাসরি বিবেচনায় নেই বলে জানা গেছে। এদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি নজিরবিহীনভাবে বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। এই বিশাল ও বিস্তৃত সামরিক মোতায়েন মার্কিন বাহিনীকে ওই অঞ্চলে যেকোনো ধরনের বড় আকারের অভিযান পরিচালনার ক্ষেত্রে প্রায় পূর্ণ স্বাধীনতা দিচ্ছে। মূলত ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলা এবং আক্রমণাত্মক অবস্থানের অংশ হিসেবেই পেন্টাগন তাদের শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে মার্কিন বাহিনীর যে ধরনের অবস্থান দেখা যাচ্ছে, তা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

