৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে সুন্দরবন দিবস রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

উৎপল মণ্ডল, শ্যামনগর
বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবন আমাদের দেশের পরিবেশ, অর্থনীতি ও উপকূলীয় জনজীবনের নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি কেবল একটি বন নয়; এটি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে উপকূলবাসীর রক্ষাকবচ এবং অসংখ্য প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। উপকূল তথা সুন্দরবনকে বাঁচাতে এখনি পদক্ষেপ নিতে হবে এবং একই সাথে ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানিয়ে মানববন্ধন এবং বন বিভিাগের কাছে স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি সংস্থা সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ১৪ ফেব্রুয়ারী(শনিবার) সিডিও ইয়ুুুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান এবং আনিসুর রহমান মিলন এর সঞ্চালনায় ও শিক্ষক এবং সাংবাদিক রনজিৎ বর্মণ এর সভাপতিত্বে, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে বক্তব্য রাখেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। এছাড়া বক্তব্য রাখেন, রিয়াজ হোসেন, নূর নাহার পারভীন, সাদিয়া সুলতানা, রুবিনা পারভীন। বক্তারা বলেন, বর্তমানে সুন্দরবন নানা সংকটের সম্মুখীন, এর মধ্যে অন্যতম অবৈধ বন উজাড় ও দখল, অবৈধ শিকার ও বন্যপ্রাণী নিধন, সুন্দরবন থেকে শামুক বিক্রি, বিষ প্রয়োগ ও অবৈধ জাল ব্যবহারের মাধ্যমে মাছ আহরণ, নদী ও খালে দূষণ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব। সুন্দরবন দিবস উপলক্ষে বক্তারা দাবিসমূহ উপস্থাপন করে বলেন যে, সুন্দরবনে অবৈধভাবে মাছ আহরণ, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।এছাড়া বন ও নদীপথে নিয়মিত মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদার করা, জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সহ-ব্যবস্থাপনা জোরদার করা, বননির্ভর জেলে ও বাওয়ালিদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা, নদী ও খালে শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন এবং সকল সচেতনতা মূলক কাজে যুবদের সম্পৃক্ত করা, রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস স্বীকৃতি জানানোর আবেদন জানান। তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি, বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব।মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ পশ্চিম সন্দরবন বনবিভাগের সহকারি বন সংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বন সংরক্ষকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়