৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় মামলা ছাড়াই কৃষক আটক

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় কোনো মামলা ছাড়াই মহিদুল ইসলাম নামের এক কৃষককে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। মুহিদুল উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামের মৃত খায়ের মন্ডলের ছেলে। ২৪ মার্চ রাতে চৌগাছা থানার এস আই মিজানুর রহমান বাড়ি থেকে মহিদুল ইসলামকে উঠিয়ে নিয়ে আসেন। পরে একটি পেন্ডিং মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করেন। মহিদুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা ও জামাই মোস্তাক আহমেদসহ স্বজনরা জানান, মহিদুল ইসলাম একজন দিন মজুর। অন্যের খেতে দিন হাজিরায় কাজ করে কোনোরকম সংসার পরিচালনা করেন। তারা বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিলেননা। তার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। পুলিশ কি কারনে তাকে আটক করেছে তাও জানেননা। ছয় সদস্যের সংসারে মহিদুল ইসলাম একাই উপার্জনক্ষম ব্যাক্তি। তাকে আটক করায় তার পরিবারের সদস্যরা হতাশায় ভেঙে পড়েছেন। ইউনিয়নের প্রবীণ শিক্ষক আমিন উদ্দীন খান বলেন, মহিদুল ইসলাম অপরাজনীতির শিকার। পুলিশ কারো দ্বারা প্রভাবিত হয়ে অন্যায় ভাবে তাকে আটক করেছেন। আটক কারি পুলিশ কর্মকর্তা চৌগাছা থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, উনি আওয়ামীলীগ করতো এইটাই উনার অপরাধ। চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, আমি ছুটিতে আছি। থানায় পৌঁছে বলতে পারবো। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করে হয়রানি করা থেকে পুলিশকে বিরত থাকতে বলা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটে থাকলে খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়