৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ

প্রতিদিনের ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার ব্যবস্থাপনায় থাকা একটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন। জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে।
তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের পরই জাহাজটি যাত্রা শুরু করেছে।দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ জানায়, সিউলে রাজনীতিবিদদের সঙ্গে এক বৈঠকে চো হিউন এ তথ্য জানান। তিনি বলেন, ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং জাহাজটি আগের দিন যাত্রা শুরু করেছে। বর্তমানে এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে হরমুজ প্রণালি অতিক্রম করছে।
চো হিউনের ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রণাধীন কোনো জাহাজ ওই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাচ্ছে। ফলে বিষয়টি নিয়ে সিউলে বিশেষ গুরুত্ব দিয়ে নজর রাখা হচ্ছে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার পর থেকে এই এলাকায় জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।বিশেষ করে তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রায় দুই সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার পরিচালনায় থাকা ‘এইচএমএম নামু’ নামের একটি জাহাজ একই প্রণালিতে হামলার শিকার হয়েছিল। অজ্ঞাত দুটি বস্তু জাহাজটিতে আঘাত করলে সেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় একজন নাবিক সামান্য আহত হন।সেই ঘটনার পর দক্ষিণ কোরিয়া তাদের জাহাজ চলাচলে অতিরিক্ত সতর্কতা বাড়ায়।নতুন করে তেলবাহী জাহাজটির যাত্রা শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ে আবারও আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়