প্রতিদিনের ডেস্ক
পারফরম্যান্স দুর্দান্ত হলে পুরস্কার তো প্রাপ্যই। আজ তেমনি এক পুরস্কার পেলেন মাইকেল ক্যারিক। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করায় তার সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী ২ বছরের জন্য ক্যারিককে কোচ নিয়োগ করেছে ম্যানইউ। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রেড ডেভিলসরা। এমন সুসংবাদে যারপরনাই খুশি মিডলসব্রোর সাবেক কোচ। তিনি বলেছেন, ‘২০ বছর আগে এখানে আসার পর থেকেই ম্যানইউর জাদু অনুভব করছি। বিশেষ এই ক্লাবকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমাকে গৌরাবান্বিত করে।’ গেল জানুয়ারিতে রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ম্যানইউর দায়িত্ব নেন ক্যারিক। ক্লাবটির সাবেক মিডফিল্ডার দায়িত্ব নিতেই বদলে যায় ম্যানইউ। কতটা সেটা তার পরিসংখ্যান প্রমাণ দিচ্ছে। তার অধীনে লিগে ১৬ ম্যাচ খেলে ১১ টিতে জয় পেয়েছে রেড ডেভিলসরা। পয়েন্টের হিসেব করলে ক্যারিক আসার পর কোনো কোচই তার থেকে বেশি পয়েন্ট দলকে এনে দিতে পারেনি। সর্বোচ্চ ৩৬ পয়েন্ট জিতেছে ম্যানইউ। ৩৫ পয়েন্ট জিতে দুইয়ে আছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ২ বছর পর চ্যাম্পিয়নস লিগে আবারও সুযোগ পেয়েছে তারা। সবমিলিয়ে লিগে ৬৮ পয়েন্ট নিয়ে এবারের মৌসুম তিনে শেষ করতে যাচ্ছে ম্যানইউ। শেষ ম্যাচে জিতলে পয়েন্ট আরও বাড়বে।

