২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছে। একই সময়ে মণিরামপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভয়নগর উপজেলার ৪ নম্বর পায়রা ইউনিয়নের পালবাড়ী মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন শাজাহান মজুমদার (৭০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাজাহান মজুমদার উপজেলার বারান্দি গ্রামের মৃত মোকসেদ মজুমদারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন উপজেলার দামুখালি গ্রামের ফকির চাঁদ হালদারের ছেলে বিবেক হালদার (৩৬)। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। অভয়নগর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অন্যদিকে, মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামে নুর বানু (৬৫) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১ জুন) রাতে এ ঘটনা ঘটে।
নিহত নুর বানু ওই গ্রামের মোতালেবের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে যান তিনি। পরে ঘরের দরজা বন্ধ করে দেন। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ঝুলছেন। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়