২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

একাধিক চমক রেখেই টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

প্রতিদিনের ডেস্ক:
চার বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। রোডেশিয়ানদের বিপক্ষে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আজ বৃহস্পতিবার একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। দলে রয়েছে একাধিক চমকও।টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। সাদা পোশাকের ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ডাক পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। তবে এই সিরিজে বিশ্রামে থাকবেন মেহেদী মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদ। তাদের পরিবর্তে খেলবেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। সবশেষ পাকিস্তান সিরিজে ইনজুরির কারণে ছিলেন না পেসার হাসান মাহমুদ। কাউন্টিতে দল পাওয়া এই পেসার এবার জাতীয় দলের ডেরায় যুক্ত হয়েছেন। সাদা পোশাকে ভালো ফর্মে ছিলেন খালেদ আহমেদ। তবে পাকিস্তান সিরিজে টিম কম্বিনেশনের কারণে জায়গা পাননি তিনি। এবার তাকেও টেস্ট দলে ফেরাল বিসিবি।ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পেয়েছেন দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। টেস্টের সহ-অধিনায়ক মিরাজও পেয়েছেন বিশ্রাম। তার পরিবর্তে স্পিন বিভাগ সামলাবেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। ফাস্ট বোলিং বিভাগে থাকছেন খালেদ, হাসান, এবাদত ও রবিউল হক।
ব্যাটিং ইউনিটে তেমন পরিবর্তন নেই। অধিনায়ক শান্তর সঙ্গে আছেন সাদমান, জয়, তামিম, মুমিনুল, মুশফিক, লিটন। এদের সঙ্গে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন তাওহীদ হৃদয়।টেস্ট ম্যাচ দিয়েই জিম্বাবুয়ে সফর শুরু করবে টাইগাররা। আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাবে লাল বলের এই লড়াই মাঠে গড়াবে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়