প্রতিদিনের ডেস্ক॥
বৃক্ষের মতোই সারা জীবন ছায়া দিয়ে রাখেন একজন বাবা। তার আদরে স্নেহে, শাসন, মায়া-মমতায় গড়ে ওঠে একজন সন্তান। যেন একটি চারা গাছ থেকে পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হয় প্রতিটি সন্তান। কিন্তু খুব কম পিতা-মাতা আছেন যারা সেই বৃক্ষের ফল-ফুল ভোগ করে যেতে পারেন। খুব কম বাবা-মা আছেন যারা সন্তানের সফলতা দেখে যেতে এবং আনন্দ ভোগ করে যেতে পারেন। বেশির ভাগ ক্ষেত্রে তাই ঘটে। ঠিক এমনই ভাবনা নিয়ে এবারের বিশ্ব বাবা দিবস উপলক্ষে নতুন একটি গান আসছে বিপ্লব সাহার কণ্ঠে। মনি জামানের কথা এবং সুরে এই গানটি অনেকের জীবনের সঙ্গে মিলে যাবে, অনেকের মনের কথা যেন গানটিতে লুকিয়ে আছে। এই গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আজম খান, মিলি বাশার, আলীফ চৌধুরী, প্রাজ্ঞ এবং রায়ান। চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দ।
এই মিউজিক ভিডিওর গল্প যেন বিপ্লব সাহার নিজের জীবনেরই গল্প। সম্পূর্ণ ভিডিওটি খুব শিগগিরই প্রকাশ পাবে।

