নাসিরুল ইসলাম, শ্রীপুর
মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুন) সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এ মেলার উদ্বোধন করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খামারবাড়ি মাগুরার উপপরিচালক ড. মোহম্মদ ইয়াসিন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষক প্রমথ কুমার প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক বিষ্ণুপদ সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর। তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ১০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। এ সময় ৮’শ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার এবং ২ হাজার কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

