১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশ থেকে পালিয়ে বাঘের ডেরায় আশ্রয়, বন দফতরের হাতে গ্রেফতার

প্রতিদিনের ডেস্ক:
রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতের সুন্দরবন অংশে প্রবেশ করায় পশ্চিমবঙ্গের বন দফতরের হাতে গ্রেফতার হলেন ২০ বাংলাদেশি। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের শনিবার (৩১ আগস্ট) তোলা হয় কলকাতার আলিপুর আদালতে। পুলিশ ও বনদপ্তর সূত্রের খবর, নারী ও শিশু মিলিয়ে প্রায় ২০ জনের একটি বাংলাদেশি দল ঢুকে পড়েন ভারতীয় সীমান্তে। সুন্দরবনের ঝিলার জঙ্গলে অনুপ্রবেশ করার পর ভারতীয় বনদপ্তরের টহলদারি টিমের হাতে ধরা পড়েন তারা। তাদের অধিকাংশই মহিলা ও শিশু।জানা গেছে, শুক্রবার দুপুর নাগাদ ব্যাঘ্র প্রকল্পের একটি দহলদারি বোট যখন ঝিলা জঙ্গলের আশপাশে টহল দিচ্ছিলো তখনই কিছু নারী-পুরুষের কথাবার্তা শোনে তারা। বন দফতরের ওই টিম বাঘের ডেরার মধ্যে মানুষজনের উপস্থিতিও দেখতে পায়। এরপর প্রথমে তাদেরকে উদ্ধার করে। পরে অবশ্য ভারতীয় জলসীমায় এবং ভূখণ্ডে অনুপ্রবেশের দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাপ্তবয়স্কদের আলিপুর আদালতে তোলা হলেও শিশুদেরকে পাঠানো হয়েছে হোমে। তবে ছোট শিশুদেরকে মায়ের কাছেই রাখা হয়েছে।বন দফতরের আধিকারিকরা বলেন, যেখান থেকে এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়েছে, সেই এলাকাটি যথেষ্ট ভয়ংকর এবং বিপজ্জনক। ঝিলার জঙ্গলে প্রায়ই বাঘের আক্রমণে নিহত হয় মৎস্যজীবীরা। এই মানুষজন প্রচণ্ড বিপদের ঝুঁকি নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন।পুলিশের জেরার মুখে তারা জানিয়েছেন, বাংলাদেশে তাদের ওপর ভয়ানক অত্যাচারের কথা। বিভিন্ন জায়গা থেকে তাদেরকে জীবন হাতে নিয়ে পালিয়ে আসতে হয়েছে। আটক এই বাংলাদেশিদের বাড়ি ময়মনসিংহ, খুলনা ও যশোর এলাকায়।বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণেই তারা ভারতবর্ষে প্রবেশ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশের জেরাতে তারা আরও জানিয়েছেন, বাংলাদেশি জলযানে করে তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করেছেন। বন দফতরের টহলদারি দলকে দেখতে পেয়ে, সেখানেই তাদের নামিয়ে দিয়ে বাংলাদেশি ওই যানটি ফিরে যায়। খোঁজ চলছে, সেই জলযানটিরও।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়