১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আধাঘণ্টায় সাড়ে ৩০০ কোটি টাকার লেনদেন, সূচকে অস্থিরতা

প্রতিদিনের ডেস্ক
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম হুট করেই বাড়ছে-কমছে। ফলে সূচকেও অস্থিরতা দেখা যাচ্ছে। তবে লেনদেনে বেশ ভালো গতি রয়েছে।
প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক একাধিকবার ওঠা-নামা করেছে। এর মধ্যেই আধাঘণ্টার মাথায় সূচকটি বেড়েছে ২ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২০০-এর বেশি প্রতিষ্ঠান।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। সেই সঙ্গে লেনদেনেও দেখা যাচ্ছে ভালো গতি। তবে মূল্যসূচকও ঋণাত্মক অবস্থায় রয়েছে।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান সূচক ৬ পয়েন্ট কমে যায়। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার প্রবণতা অব্যাহত থাকায় এক পর্যায়ে ডিএসই’র প্রধান সূচক ১৫ পয়েন্ট কমে যায়।
লেনদেনের সময় ১৬ মিনিট পার হওয়ার পর দরপতনের তালিকা থেকে বেরিয়ে আসে বেশকিছু প্রতিষ্ঠান। এতে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি সূচকও ঊর্ধ্বমুখী হয়। ফলে আধাঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান সূচক বাড়ে ২ পয়েন্ট।
কিন্তু এরপর আবার বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যেতে দেখা যাচ্ছে। ফলে সূচকও ঋণাত্মক হয়ে পড়েছে। অবশ্য দাম কমার চেয়ে দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪২ মিনিটে ডিএসইতে ২০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ১১৮টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
এরপরও ডিএসই’র প্রধান সূচক কমেছে ৩ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৯০ পয়েন্ট কমেছে। এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ২৫ লাখ টাকা।
দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭টির শেয়ার দাম বেড়ে হল্টেড (এক দিন যতটা বাড়া সম্ভব ততটাই বেড়েছে) হয়েছে। এই সাত প্রতিষ্ঠানের শেয়ার দিনের সর্বোচ্চ দামে বিপুল পরিমাণ ক্রয় আদেশ আসলেও বিক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়ে হল্টেডের কাছাকাছি রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১১৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়