১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর সদরের ছোট হৈবতপুর গ্রামের স্কুল ছাত্রী তাসফিয়াকে হত্যার অভিযোগে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোরে ৫ম শ্রেণির ছাত্রী তাসফিয়া হক রিফা হত্যার ঘটনায় অপরিচিতদের আসামি করে আদালতে মামলা হয়েছে। রোববার নিহতের পিতা যশোর সদরের ছোট হৈবতপুর গ্রামের তোজাম্মেল হক লিটন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের ঘটনায় কোতয়ালি থানায় কোন মামলা হয়েছে কিনা সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আরিফুল ইসলাম শান্তি।
মামলার অভিযোগের জানা গেছে, তোফাজ্জেল হক লিটন একজন ব্যবসায়ী। তার স্ত্রী মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার মেয়ে তাসফিয়া হক রিফা একই ৫ম শ্রেণিতে লেখাপড়া করে। গত ৪ নভেম্বর সকাল ৯টার দিকে তোফাজ্জেল হক তার স্ত্রীকে স্কুলে পৌছে দিয়ে বাড়ির সামনে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে বাড়ির ফ্লাটের গেট বন্ধ পেয়ে মেয়ের নাম ধরে কয়েকবার ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে বাসার সামনে একটি হোটেলের কর্মচারি মারুফকে ডেকে এনে দেয়াল টপকিয়ে ভিতর থেকে গেটের ছিটকেনি খোলা হয়। এরপরে ভিতরে গিয়ে দেখেন তার মেয়ে তাসফিয়া হক রিফার মুখ, চোখ, হাত ও পা বাঁধা অবস্থায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে জানালার গ্রিলের সাথে ঝুলে আছে। তাসফিয়া ঝুলে থাকলেও পা রুমের মেঝেতে ছিলো। পরে তাকে নামিয়ে পার্শ্ববর্তী ডাক্তার আব্দুস সবুরের কাছে নিয়ে গেলে মারা গেছে বলে জানান। বিষয়টি পুলিশকে অবহিত করলে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত তাসফিয়া হক রিফার পিতা কোতয়ালি থানায় একটি অভিযোগ দেন। পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করে তাদের নিজস্ব মনগড়া একটি কম্পিউটার কম্পোজকৃত কাগজে স্বাক্ষর নেয়। পরে তিনি থানায় খোজ নিয়ে জানতে পারে অভিযোগটি থানায় হত্যা মাশলা হিসেবে রেকর্ড না হয়ে অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড হয়েছে। ফলে এই ঘটনায় তিনি আদালতে এ হত্যা মামলা করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়