৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরের মাদার নদীতে আটকে পড়া জাল উদ্ধার করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মাদার নদীর স্লুইচ গেটের সামনে জাল দিয়ে মাছ ধরছিলেন হাবিবুর রহমান হাবু (৬০) নামের এক বৃদ্ধ। স্লুইচ গেটে তার মাছ ধরার জাল আটকে যাওয়ায় জাল উদ্ধারে নদীতে নামে সে। পরে মাদার নদীর স্লুইচ গেটে আটকে ওই বৃদ্ধের মৃত্যু হয়। গত ১১ এপ্রিল(শুক্রবার)বিকাল পাঁচটার দিকে উপজেলার কল্যাণপুর কালমেঘা গ্রামের স্লুইচ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া হাবিবুর রহমান হাবু কল্যাণপুর গ্রামের বাসিন্দা। সে ওই এলাকার মৃত আক্কাস আলী মোল্লার ছেলে। তিনি কৃষক ছিলেন বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বকর সিদ্দিক। এলাকার কয়েকজন বাসিন্দার সূত্রে জানা যায়, হাবিবুর রহমান বিকালে বাড়ির পাশের মাদার নদীতে মাছ ধরার জাল দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে তার জাল নদীতে আটকে যায়। এসময় আটকে যাওয়া জাল উদ্ধার করতে নদীতে নামলে স্রোতে স্লুইচ গেটে আটকে যান। পরে পরিবার ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার সময় স্লুইচ গেটে আটকে ওই বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে মৃতদেহ প্রাথমিক সুরতহাল শেষে অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে দাফনের অনুমতি দেওয়া হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়