নিজস্ব প্রতিবেদক
যশোর পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চাতালের মোড় থেকে খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ এবং ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তেতুলতলা এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “এগুলো আমার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই দুইটি রাস্তা, ড্রেন ও বিদ্যুতের উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো। এসব কাজ বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। বিশেষ করে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অর্ধেকেরও বেশি হ্রাস পাবে বলে আমি আশা করছি।” তিনি আরও বলেন, যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কাঠেরপুল ব্রিজ সম্প্রসারণ এবং গরীব শাহ থেকে ঘোপ নওয়াপাড়া সড়ক পর্যন্ত নতুন একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকাগুলোতে ভাঙাচোরা রাস্তা ও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। উন্নয়ন কাজ সম্পন্ন হলে জনসাধারণের চলাচল সহজ হওয়ার পাশাপাশি নাগরিক সুবিধাও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

