৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ আটক স্বস্তি আতঙ্ক কাটার আশা স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি ‘ভাগ্নে ইমন’কে আটক করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের পালবাড়ি নতুন খয়েরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই সন্ত্রাসীর গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ। র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা ভাগ্নে ইমন ঈদকে কেন্দ্র করে এবং পরবর্তী সময়ে শহরে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের পরিকল্পনায় যশোর শহরে অবস্থান করছিল। পরে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল মধ্যরাতে পালবাড়ি নতুন খয়েরতলা এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ইমন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে ছিল। বিশেষ করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতো। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাতে অনেকেই নিরাপদে চলাচল করতে ভয় পেতেন। বিভিন্ন সময় এলাকায় সন্ত্রাসী তৎপরতার খবর শোনা যেত। র‍্যাব তাকে আটক করায় সাধারণ মানুষ এখন কিছুটা হলেও স্বস্তি অনুভব করছে।” র‍্যাব সূত্রে জানা গেছে, আটককৃত ভাগ্নে ইমন যশোর শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় চাঞ্চল্যকর জুম্মান হত্যাকাণ্ডসহ দুটি হত্যা মামলা রয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র, হাতবোমা বিস্ফোরণ, চাঁদাবাজি, মারামারি ও মাদক চোরাচালানসহ মোট ১৭টি মামলা রয়েছে। র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে তার সন্ত্রাসী গ্যাং পরিচালনা করে আসছিল। ঈদকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বলেন, “ভাগ্নে ইমন যশোরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাকে আটকের ফলে শহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরবে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।” আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়