রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রোলারে সাথে ধাক্কা লেগে সালমান মল্লিক (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা নিহতের মা ও ভাবী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে লোহাগড়ার-পাঁচুড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। সালমান উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের মৃত শহীদ মল্লিকের ছেলে এবং সরকারি মল্লিকপুর ইউনিয়ন একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, বুধবার রাত ৮ টার দিকে সালমান তার মা চায়না বেগম এবং ভাবী তাহেরাকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিল। দ্রুত গতির মোটরসাইকেলটি কুন্দশী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রোলারের সাথে ধাক্কা লাগে। এতে সালমানসহ তার মা ও ভাবী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

