প্রতিদিনের ডেস্ক:
অস্ট্রেলিয়ায় স্মরণীয় টেস্ট জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর ইংল্যান্ডের হ্যারি ব্রুক টেস্ট ব্যাটসম্যানদের আইসিসি র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠেছেন। বুধবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে তিনি তিন ধাপ উন্নতি করেছেন।১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের প্রথম জয়ের ম্যাচে প্রথম ইনিংসে ব্রুক ৩৪ বলে ৪১ রান করেন, যেখানে ছিল দুটি করে ছক্কা ও চার। লক্ষ্য তাড়ায় তিনি ৩ চারে ১৮ রান করে অপরাজিত থাকেন। এই পারফরম্যান্সের ফলে তার রেটিং পয়েন্ট এখন ৮৪৬।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট, তার রেটিং পয়েন্ট ৮৬৭। এক ধাপ করে নিচে অবস্থান নিয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। স্টিভেন স্মিথ দুই ধাপ অবনতি হয়ে পাঁচে অবস্থান করছেন।ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি চার ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠেছেন। অন্যদিকে লক্ষ্য তাড়ায় ৪০ রানের ইনিংস খেলা জ্যাকব বেথেল ৯ ধাপ এগিয়ে ৭৭তম স্থানে অবস্থান করছেন।

