নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র ও অপরাধীচক্রের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান জোরদার হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার (৩১ জানুয়ারি) যশোর ও ৩০ জানুয়ারি মাগুরায় আলাদা দুটি অভিযান চালিয়ে একাধিক সন্ত্রাসী গ্রেফতার হয়েছেন। এসব অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ সন্দেহজনক সরঞ্জাম জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর এই তৎপরতায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যশোরের অভয়নগরে শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে যৌথবাহিনী এক অভিযান চালিয়ে রাকিবুল সরদার (২৭) নামে এক যুবককে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া বাজারের নুরবাগ এলাকার বাসিন্দা রাকিবুলকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, রাকিবুলের স্বীকারোক্তি অনুযায়ী তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন, ৩২ রাউন্ড পিস্তলের গুলি, ২৪টি শর্টগানের খালি কার্তুজ, ৯টি পিস্তলের খালি কার্তুজ, একটি শর্টগান ব্যারেল, একটি শর্টগানের বুলেট, চারটি চাকু, একটি কুড়াল, তিনটি পাসপোর্ট, দুটি স্মার্টফোন, ১৩টি আইডি কার্ড, ছয়টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড এবং তিনটি ইয়াবা সেবনের কাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

