৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর ২৫০ শয্যা হাসপাতালথেকে রোগী ভাগিয়ে ক্লিনিকে নিয়ে প্রতারণার : দুই দালালকে আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহিঃবিভাগ থেকে রোগী ভাগিয়ে নিয়ে ক্লিনিকে নিয়ে প্রতারণার অভিযোগে দুই দালালকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল মান্নান (৫০) এবং শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আলী হোসেনের ছেলে সুমন (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের সাহেব আলীর ছেলে রাকিব (২৪) চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে আসেন। এ সময় ওই দুই ব্যক্তি তাকে দ্রুত ও উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে হাসপাতালের বাইরে অবস্থিত ‘ডাক্তার ল্যাব সেন্টার’ নামক একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসার নামে অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার শিকার হন রাকিব। ভুক্তভোগী রাকিব বিষয়টি বুঝতে পেরে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা থেকে দুই দালালকে আটক করে। পুলিশ আরও জানায়, সরকারি হাসপাতালের রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার মাধ্যমে অর্থ আত্মসাৎ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করে আসছিল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে প্রতারণা ও দালাল চক্র পরিচালনার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়