১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মনিরামপুরে পরপর দুই বাড়িতে লুট: জনমনে উদ্বেগ

উত্তম চক্রবর্তী,রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে চেতনানাশক স্প্রে করে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বিমল মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোতলার জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে প্রথমে চেতনানাশক স্প্রে করে বিমল মণ্ডল ও তার স্ত্রী প্রতীমা মণ্ডলকে অজ্ঞান করে ফেলে। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। বুধবার (২২ এপ্রিল) সকালে বিমল মণ্ডল ও তার স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিমল মণ্ডল স্থানীয় একটি হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন এবং কয়েক বছর আগে তিনি অবসরে যান। বিমল মণ্ডলের ভাই নির্মল মণ্ডল জানান, মঙ্গলবার রাতে খাবার শেষে দুইজন নিচতলার ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে বিমল মণ্ডল জেগে উঠে দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো, আলমারির তালা ভাঙা এবং দোতলার জানালার গ্রিলও কাটা। তিনি আরও বলেন, দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করেছে। এরপর ঘরে থাকা টাকা, সোনার গহনা, মূল্যবান জিনিসপত্র ও মোটরসাইকেল নিয়ে গেছে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এটি ডাকাতি নয়, বরং গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে একই উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় আরও একটি লুটের অভিযোগ পাওয়া গেছে। আকলিমা নামের এক গৃহবধূ দাবি করেন, মুখোশধারী তিন দুর্বৃত্ত তাকে মারধর করে এবং অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। প্রবাসে থাকা মেয়ে জামাইয়ের পাঠানো জমি কেনার ২০ লাখ টাকার মধ্য থেকে এই টাকা রাখা হয় বলে পরিবারটির দাবি। তবে বাসুদেবপুরের এই ঘটনাকে মিথ্যা বলে দাবি করেছে পুলিশ। চুরি-ডাকাতি কিংবা সাজানো ঘটনা-যাই হোক না কেন, পরপর এমন ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছে। এলাকাবাসী দ্রুত এসব অপরাধের লাগাম টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়