১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা

দেশের অর্থনীতিতে চলছে খরা। দেশি-বিদেশি বিনিয়োগে প্রায় অচলাবস্থা। ঋণের অভাবে বেসরকারি খাত রীতিমতো ধুঁকছে। এমন সংকটকালে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে, যা শুধু সময়োপযোগী নয়, আশা-জাগানিয়াও। এখন প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই প্যাকেজের সফল বাস্তবায়ন। জানিয়েছে, গত শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান সংবাদ সম্মেলনে প্রণোদনা প্যাকেজটি ঘোষণা করেছেন।এতে সুদের হার কমানো হয়েছে, সর্বোচ্চ প্রায় ৭ শতাংশ রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এর মাধ্যমে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। খবরে বলা হয়েছে, ৬০ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনরর্থায়ন স্কিমের আওতায় দেওয়া হবে। বাকি ১৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব সহায়তা কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে।৪১ হাজার কোটি টাকার পুনরর্থায়ন তহবিলের মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে পাঁচ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০ হাজার কোটি টাকা এবং রপ্তানি বহুমুখীকরণে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথমবারের মতো উত্তরবঙ্গে কৃষিকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এসবের পাশাপাশি সৃজনশীল অর্থনীতি খাতেও ৫০০ কোটি টাকার অনুদান রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান জানিয়েছেন, গত তিন বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমে আসছে। জিডিপি যেখানে ছিল ৫.৮ শতাংশে, পরে তা নেমে আসে ৪.২ শতাংশে।বর্তমানে ধারণা করা হচ্ছে, তা আরো কমে দাঁড়াতে পারে ৩.৭ শতাংশে। গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল, সিরামিক, তথ্য-প্রযুক্তিসহ সব খাতেই বড় ধরনের ধাক্কা লেগেছে। উচ্চ সুদ হারের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও ব্যবসা সম্প্রসারণে নিরুৎসাহ হচ্ছেন। অতীতে প্রণোদনার অর্থ বিতরণে নানা অনিয়ম দেখা গেছে। যাঁদের ঋণ সহায়তা পাওয়ার কথা, তাঁরা পাননি—মুষ্টিমেয় সুবিধাভোগীর পকেট ভারী করা হয়েছে মাত্র। এতে খেলাপি ঋণের প্রবণতা বেড়েছে, যার পুনরাবৃত্তি রোধ করা অতীব জরুরি।আমরা মনে করি, প্রণোদনা প্যাকেজের সর্বোচ্চ সুফল পেতে হলে বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং জরুরি। প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং বন্ধ কারখানার মালিকরা যেন এই প্রণোদনার সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়